ইবাদুর রহমান: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের বালিদারা বাজার সংলগ্ন টিলার ওপর অবস্থিত দিনারপুর পরগানার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু টিকটক ও রিলস ভিডিও নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন তরুণ-তরুণীর ধারণ করা অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সচেতন মহলে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানটি ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। একই টিলার পাশে রয়েছে স্থানীয় কবরস্থানও।
এলাকাবাসীর অভিযোগ, ধর্মীয় ও পবিত্র স্থানে এ ধরনের কর্মকাণ্ড সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী। তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার প্রতিযোগিতায় তরুণ সমাজের একটি অংশ অনেক সময় সংবেদনশীল স্থান ও সামাজিক মূল্যবোধের বিষয়টি উপেক্ষা করছে। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন বলেও মত দিয়েছেন তারা।

