মাধবপুরে আলোচিত কলেজ ছাত্র মিশু হত্যা মামলার প্রধান আসামী শিমুল গ্রেফতার

মাধবপুরে আলোচিত কলেজ ছাত্র মিশু হত্যার প্রধান আসামী শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিন সাঙ্গর বিল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মানিক কুমার সাহা ও রাজীব রায় তথ্য প্রযুক্তির মাধ্যমে একদল পুলিশ নিয়ে তাকে আটক করে। আজ রোববার গ্রেফতারকৃত আসামীকে পুলিশের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মাঝ রাতে ছাতিয়াইন স্কুল মাঠে ওয়াজ মাহফিল থেকে বাড়ী ফেরার পথে হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের শামসুল হকের পুত্র মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম মিশু (১৮) এবং সেলিম মিয়ার পুত্র তারেক (১৯) গুরুতর আহত হয়। আহত অবস্থায় আতিকুল ইসলাম মিশুকে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় গত ৬ নভেম্বর নিহত মিশুর মা তাছলিমা খাতুন বাদী হয়ে শিমুলকে প্রধান করে ১১ জনকে আসামী দিয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আহত তারেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।

Share this news as a Photo Card

13 November 2022

মাধবপুরে আলোচিত কলেজ ছাত্র মিশু হত্যা মামলার প্রধান আসামী শিমুল গ্রেফতার

www.hostbuybd.com