হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার (১৮ অক্টোবর) প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার করাব, বামৈ, লাখাইসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। পূজা কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে আলাপকালে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে পূর্ব সিংহগ্রাম দাসপাড়া পূজা কমিটির সভাপতি সজল দাস বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করছি। আমাদের পূজামণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সহসভাপতি মাওলানা জালাল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাস, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
