“আছিয়া থেকে রামিসা… এই তালিকা আর না” স্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দেশব্যাপী শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা শাখার পরিচালক মো. রাকিব হাসান নয়নের পরিচালনায় এবং সহকারী পরিচালক তনেক আহমেদ জীবনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলি ফারহান আহমেদ।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল দরদাস, অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ, অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেন ও অ্যাডভোকেট পিনাক চন্দ্র দেবনাথ।
বক্তারা বলেন, দেশে শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আছিয়া থেকে শুরু করে সর্বশেষ রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।
তারা অবিলম্বে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সচেতন মহলের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে সংগঠনের স্থানীয় সদস্য, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

