জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে মহাসড়কে ২৫০টি মেহগনি বল্লীসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের জগদীশপুর বিট কাম চেক স্টেশন এলাকায় ২৫০টি মেহগনি বল্লী ভর্তি একটি ট্রাকসহ একজনকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে মাধবপুর উপজেলার রঘুনন্দন বন রেঞ্জের অভিযানে অবৈধভাবে পরিবহন করা এসব মেহগনি বল্লী (গোল কাঠ) জব্দ করা হয়।

জানা যায়, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমানের নির্দেশনায় রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ানের নেতৃত্বে জগদীশপুর বন বিট কর্মকর্তা (ডেপুটি ফরেস্ট রেঞ্জার) জহিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের সামনে একটি ট্রাককে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন বিভাগের সদস্যরা তাকে আটক করেন।

আটককৃত ট্রাকটি ঢাকা মেট্রো-ট-২২-০৩৫১ নম্বরের। ট্রাকটিতে থাকা ২৫০টি মেহগনি বল্লীসহ চালক মো. সবরুজ্জামানকে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ান জানান, এক শ্রেণির দুষ্কৃতিকারী বন আইন অমান্য করে রাতের আঁধারে মহাসড়ক ব্যবহার করে অবৈধভাবে বনাঞ্চলের গাছ পাচার করে থাকে। এ ধরনের কর্মকাণ্ড রোধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মেহগনি বল্লী ও ট্রাক বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। ভবিষ্যতেও গাছ চুরি ও পাচারের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।