Category: চুনারুঘাট

  • দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাটে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাটে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান এলাকায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ কৃষ্ণচূড়া, কাঠবাদাম ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ৫টি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

    পরে শায়েস্তাগঞ্জ রেঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট, চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা রেঞ্জের বনাঞ্চল, জেলার বিভিন্ন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা গালিব চৌধুরী, রেমা-কালেঙ্গা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন, এলজিইডির সহকারী প্রকৌশলী, ন্যাশনাল টি কোম্পানির চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিম আহমেদ এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

  • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড

    চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।

    চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে সিলিকা বালুভর্তি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়।

    পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনের মধ্যে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

  • ঝড়ে বিধ্বস্ত গরীব শিক্ষার্থীদের স্বপ্ন—দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষক

    ঝড়ে বিধ্বস্ত গরীব শিক্ষার্থীদের স্বপ্ন—দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষক

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামে অবস্থিত একটি ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান— শাহ আব্দাল (রহঃ) ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল। বহু কষ্ট আর সংগ্রামের মাধ্যমে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি এক ভয়াবহ দুর্যোগের শিকার।

    গত ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে আকস্মিক তীব্র ঝড় ও ঘূর্ণিঝড়ে স্কুলটির টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে টিনের ছাউনি, কাঠামো উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। শুধু ভবনই নয়, স্কুলের ভিতরে থাকা লাইব্রেরির মূল্যবান বই, ফ্যান, বেঞ্চসহ নানা শিক্ষা উপকরণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

     

    প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা আবুল কাশেম ফজলুল হক সুমন, যিনি নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী, চোখে অশ্রু নিয়ে কাতর কন্ঠে জানান—

    “এই স্কুলটা আমার জীবনের স্বপ্ন। গরীব ও এলাকার বাচ্চাদের জন্য কিছু করতে চেয়েছিলাম। আজ সবকিছু এক ঝড়ে শেষ হয়ে গেল।”

    প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই স্কুলটি একটি অলাভজনক দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। বর্তমানে এখানে ৯ জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত আছেন এবং প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে।

    উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্বে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে A+ এবং সরকারি / বেসরকারি বৃত্তি অর্জন করেছে, যা স্কুলটির মানসম্মত শিক্ষার প্রমাণ বহন করে।

    বর্তমানে স্কুলটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগীতার আহব্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    একটি ঝড়ে শুধু একটি ঘর ভেঙে যায়নি—ভেঙে গেছে অসংখ্য গরীব শিক্ষার্থীর স্বপ্ন। এখন সময় সহমর্মিতার, সময় পাশে দাঁড়ানোর।

  • ৫ দিন ধরে বিদ্যুৎ নেই: চুনারুঘাটের দেউন্দি ও লাল চান্দ চা বাগানে কোটি টাকার ক্ষতি, শ্রমিকদের আন্দোলনের হুঁশিয়ারি

    ৫ দিন ধরে বিদ্যুৎ নেই: চুনারুঘাটের দেউন্দি ও লাল চান্দ চা বাগানে কোটি টাকার ক্ষতি, শ্রমিকদের আন্দোলনের হুঁশিয়ারি

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লাল চান্দ চা বাগানে টানা ৫ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চা উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন হাজারো চা শ্রমিক।

    দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী চা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ এই অঞ্চল। প্রায় দুই শতাব্দীর ইতিহাস বহনকারী এই শিল্পে প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রম দিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

    হবিগঞ্জ জেলার ২৪টি চা বাগান দেশের মোট চা উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে, যার মধ্যে রয়েছে ন্যাশনাল টি কোম্পানির অধীনে ৫টি সরকারি বাগান।

    সরেজমিনে দেখা যায়, দেউন্দি টি কোম্পানির অধীনে থাকা দেউন্দি ও লাল চান্দ চা বাগানে কারখানার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। বাগানগুলোতে প্রায় দুই লক্ষাধিক কেজি কাঁচা চা পাতা মজুদ রয়েছে, যেখান থেকে প্রায় ৫০ হাজার কেজি চা উৎপাদনের কথা ছিল। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে এসব কাঁচা পাতা পচে নষ্ট হয়ে যাচ্ছে।
    ফলে চা শিল্পে প্রায় কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের রাজস্ব আয়।

    চা শ্রমিকরা জানান, গত ২৬ এপ্রিল থেকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা আয়-রোজগারহীন হয়ে পড়েছেন। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব শ্রমিক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছেন।

    শ্রমিকদের অভিযোগ, বারবার চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। দ্রুত বিদ্যুৎ সংযোগ না দিলে তারা রাজপথে আন্দোলনে নামার পাশাপাশি বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন।

    লাল চান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. হুমায়ুন আহমেদ চৌধুরী জানান, বিদ্যুৎ সংকটের কারণে কাঁচা চা পাতা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে উৎপাদিত চায়ের মানও কমে যাবে। এতে ক্ষতির পরিমাণ ইতোমধ্যে কোটি টাকা ছাড়িয়েছে।

    চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জুনায়দুর রহমান বলেন, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা পড়ে তার ছিঁড়ে যাওয়া এবং বিদ্যুৎ পোল ভেঙে পড়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে এবং ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

  • চুনারুঘাট আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

    চুনারুঘাট আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

    হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চুনারুঘাট আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, যা শিগগিরই উদ্বোধন করা হবে। উদ্বোধনকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে আবাসিক মেডিকেল অফিসার ১ জন, টেকনোলজিস্ট (ল্যাব ও এক্স-রে) ২ জন, মার্কেটিং অফিসার ২ জন, রিসেপশনিস্ট ৩ জন, ডাক্তার সহকারী ৩ জন এবং আয়া ২ জন নিয়োগ দেওয়া হবে।

    আবাসিক মেডিকেল অফিসার পদে আবেদন করতে এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এছাড়া অন্যান্য পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    চুনারুঘাট আধুনিক ডায়াগনস্টিক সেন্টার

    প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের জন্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

    আগ্রহী প্রার্থীদের দ্রুত জীবনবৃত্তান্ত (সিভি) পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৭১১-৭৭৯৬৯৩ এবং ইমেইল chunarughatadc@hotmail.com প্রদান করা হয়েছে।

    উল্লেখ্য, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল দিয়ে পরিচালিত এই ডায়াগনস্টিক সেন্টারটি চালু হলে এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে বলে আশা করা হচ্ছে।

  • হবিগঞ্জে আন্তঃজেলা চোর-ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, বিপুল মালামাল উদ্ধার

    হবিগঞ্জে আন্তঃজেলা চোর-ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, বিপুল মালামাল উদ্ধার

    হবিগঞ্জের চুনারুঘাট থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তে নেমে আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের মূল হোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই তামা ও লোহার মালামাল উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, চুনারুঘাট থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে তথ্য-প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জ সদর ও মাধবপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) একেএম সালিমুল হক। তাকে সহায়তা করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

    গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জহির হোসেন (২৫), মো. জাকির হোসেন (২৮), মো. সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), মো. নাহিদ মিয়া (২৪), মো. কালু মিয়া (৪০) এবং মো. সোহাগ মিয়া (৩৩)।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মিয়ার ভাঙ্গারির দোকান থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং বিদ্যুতের ট্রান্সফরমারে ব্যবহৃত ৪৬ কেজি ৯০০ গ্রাম লোহা। যার আনুমানিক বাজার মূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা প্রায় এক মাস আগে দেওন্দি চা বাগান এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ছিল। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ আরও জানায়, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • চুনারুঘাটের দেউন্দি চা বাগানে আবারও ট্রান্সফরমার চুরির চেষ্টা, আতঙ্কে শ্রমিক ও কর্তৃপক্ষ

    চুনারুঘাটের দেউন্দি চা বাগানে আবারও ট্রান্সফরমার চুরির চেষ্টা, আতঙ্কে শ্রমিক ও কর্তৃপক্ষ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা উপজেলার দেউন্দি চা বাগানে আবারও ট্রান্সফরমার চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের টহল থাকা সত্ত্বেও বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে বাগানের ১৭ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

    হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাগানের বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাগানের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে বাধা দিলে চোরচক্র পালিয়ে যায়।

    চা বাগান সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি দেউন্দি চা বাগানসহ আশপাশের বিভিন্ন বাগানে ট্রান্সফরমার চুরি ও চুরির চেষ্টা বেড়ে গেছে। এতে বাগান এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় উৎপাদন কার্যক্রম, শ্রমিক লাইনের স্বাভাবিক জীবনযাত্রা এবং নিরাপত্তা ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

    মোঃ জিল্লুর রহমান জানান, ট্রান্সফরমার চুরি রোধে বিভিন্ন সময়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য ও নথি সাম্প্রতিক আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও দেওয়া হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, পূর্বে চিহ্নিত চোরচক্রের সদস্যদের হাতেনাতে ধরে থানায় সোপর্দ করা হলেও পরবর্তীতে তারা ছাড়া পেয়ে যায়। এতে অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠছে বলে দাবি করেন তারা।

    দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চা বাগান এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।