Category: রাজনীতি

  • ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ২৮ বছর অনুষ্ঠেয় এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৫ সদস্যের এবং ১৩ সদস্যের হল সংসদের আলাদা প্যানেল ঘোষণা করেছে বিএনপির এই সহযোগী সংগঠন।

    আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্যানেল ঘোষণা করেন।

    ছাত্রদলের প্যানেলে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোনো নেতাকে রাখা হযনি।ডাকসুতে প্রার্থিতা ও ভোটার হওয়ার ক্ষেত্রে ৩০ বছরের বয়সসীমা শর্তের কারণে বাদ পড়েছেন তারা।

    ঘোষিত প্যানেল অনুযায়ি সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মো. মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক (জিএস) পদে খন্দকার আনিসুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন (এজিএস) খোরশেদ আলম সোহেল নির্বাচন করবেন।

    ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো নেতা ডাকসুর শীর্ষ তিনটি পদে ভোট করতে না পারলেও ছাত্রলীগ এই পদগুলোতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ নেতাদের মনোনয়ন দিয়েছে।

    ডাকসুতে সম্পাদকীয় পদগুলোতে ছাত্রদলের মনোনয়ন দেয়া হয়েছে-স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে কানেতা ইয়ালাম,

    আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবাহন বিষয়ক সম্পাদক পদে মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম নির্বাচন করবেন।

    সদস্য পদে নির্বাচন করবেন- হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক, আলমগীর হোসেন।

    দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী গতকাল রোববার প্যানেল ঘোষণা করেছে। প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন নির্বাচন করছে। তাদের প্যানেল নির্ধারণের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

  • হবিগঞ্জ ছাত্রলীগের ছয়টি শাখা কমিটি অনুমোদন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ছয়টি শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার  রাতে ছয়টি শাখা কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।

    শাখাগুলো হল-

    1. হবিগঞ্জ সদর উপজেলা,
    2. শায়েস্তাগঞ্জ উপজেলা,
    3. শায়েস্তাগঞ্জ পৌরসভা,
    4. আজমিরীগঞ্জ উপজেলা,
    5. বৃন্দাবন সরকারি কলেজ ও
    6. আজমিরীগঞ্জ সরকারি কলেজ।

    হবিগঞ্জ সদর উপজেলা শাখায় রিয়াজ উদ্দন জুনায়েদকে সভাপতি, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাতকে সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদকে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।

    শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রসনজিত দেবকে সভাপতি, মোঃ কামরুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক ও মোঃ সুমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।

    আজমিরীগঞ্জ উপজেলায় মোঃ মিলোয়ার হোসেনকে সভাপতি ও তোফাজ্জল হোসেন অনিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    শায়েস্তাগঞ্জ পৌর শাখায় হাবিবুর রহমান বিলাল কে সভাপতি, শরিফ উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক ও আশিকুর রহমান উদয়কে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।

    বৃন্দাবন সরকারি কলেজ শাখায় শেখ আবু মোঃ ফরহাদকে আহবায়ক, সাখাওয়াত হোসেন সেতুকে যুগ্ম আহ্বায়ক (১) করা হয়েছে।

    আজমিরীগঞ্জ সরকারি কলেজ শাখায় ইমন আহমেদকে সভাপতি, মহিন উদ্দীনকে সাধারণ সম্পাদক ও পায়েল রায়কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়েছে।

    জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন- বৃন্দাবন সরকারি কলেজ শাখায় ৩ মাসের জন্য আহ্ববায়ক কমিটি ও অন্য কমিটিগুলো ১ বছরের জন্য পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

  • অছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব দাবি ছাত্রলীগ সভাপতির

    অছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব রয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ছাত্রদের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সম্মেলন করে ছাত্রদের হাতে সংগঠনের নেতৃত্ব তুলে দেন। তা না হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না। তারা আপনাদের বয়কট করবে। বিএনপি ও জামায়াতের মতো ছাত্রদল ও ছাত্রশিবিরও অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাদের আলাদা করে শনাক্ত করা যায় না।’

    বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ছাত্রদলের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শিবিরের কর্মকাণ্ড নিষিদ্ধ। কিন্তু আমরা এখন দেখতে পাই, শিবির ছাত্রদলের ব্যানার ব্যবহার করে রাজনীতি করছে। এটা  সাধারণ শিক্ষার্থীদের জন্য খুব ভয়ংকর একটি পরিবেশ তৈরি করছে।’

    তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আমি তাদের কাছে আহ্বান জানাবো, তারা যেন ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রেখে ডাকসু নির্বাচন করে। ক্যাম্পাসে আজ থেকে দশ বছর ধরে কোনও বিশৃঙ্খলা নেই, কোনও গুলির আওয়াজ নেই, কোনও বোমার আওয়াজ নেই। বিশ্ববিদ্যালয়ে এসে আপনার কোনোধরনের বিশৃঙ্খলা করবেন না। ছাত্রদল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখলে ছাত্রলীগ সর্বাত্মক সহযোগিতা করবে।’

  • সিলেটের ১৭টি সহ ১০১ উপজেলায় ভোট ১০ ই মার্চ

    আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে সিলেট বিভাগের ১৭টিসহ ১০১টি উপজেলায় নির্বাচন হবে। উপজেলাগুলোর নামসহ চূড়ান্ত তালিকা অনুমোদন শেষে ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে এবার পাঁচ ধাপে ভোট হচ্ছে। মার্চেই চার ধাপের ভোট হবে। রমজানের পর শেষ ধাপের ভোট হবে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

    প্রথম ধাপে যে ১০১ উপজেলায় ভোট হবে সেগুলো হচ্ছে- রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সদর, আটোয়ারি, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; দিনাজপুর সদর, জেলার বীরগঞ্জ, কাহারোল, বিরল, বোচাগঞ্জ, খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট; নীলফামারী জেলার সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ; কুড়িগ্রাম সদর, জেলার ভুরুঙ্গমারী, ফুলবাড়ী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, চিলমারী ও রৌমারী।

    ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর, সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ; নেত্রকোনা জেলার বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, কলমাকান্দা, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ, পূর্বধলা ও নেত্রকোনা সদর। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারাবাজার, সদর, জামালগঞ্জ, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ; হবিগঞ্জ জেলার বাহুবল, মাধবপুর, চুনারঘাট, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই।

    রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী কাজিপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া; জয়পুরহাট জেলার সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালায় ও ক্ষেতলাল।

    চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার সদর, বাঘায়ছড়ি, লংগদু, নানিয়ারচর, বরকল, জুড়াছড়ি, কাউয়াখালী, কাপ্তাই, রাজাস্থলী ও বিলাইছড়ি; বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি; খাগড়াছড়ি জেলার সদর, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও দীঘিনালা এবং কক্সবাজারের চকরিয়ায় ভোট হবে।

    এর সঙ্গে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদ শূন্য হয়েছে এমন উপজেলা পরিষদের উপনির্বাচন ও ১০ মার্চ করার প্রস্তাব করা হয়েছে। অন্তত অর্ধ শতাধিক পদত্যাগ অথবা মৃতজনিত কারণে উপনির্বাচন করতে হবে। এ বিষয়ে ৩ ফেব্রুয়ারি কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

    জানা যায়, আট বিভাগের উপজেলাগুলোকে চার দিনে চার ধাপে ভোট করা হবে। বাকিগুলো কবে মেয়াদোত্তীর্ণ হচ্ছে তা বিবেচনায় নিয়ে আরেকটি ধাপে রমজানের পর ভোট শেষ করা হবে। সেক্ষেত্রে ৫ ধাপে ভোট করা হচ্ছে। এবার উপজেলা ভোটেও ব্যবহার হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। জেলার সদর উপজেলায় পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে।

    এদিকে সংসদ নির্বাচনের পর দলীয় প্রতীকে উপজেলা ভোটে বিএনপির অংশগ্রহণ নিয়ে এখনও ঘোষণা আসে নি। এরই মধ্যে গুঞ্জন রয়েছে সংসদের ফল প্রত্যাখ্যানের পর দলটি উপজেলায় অংশ নেবে না।

    এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, স্থানীয় সরকারের এ নির্বাচনের তফসিল ঘোষণা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। আগামী মে মাসের মধ্যে উপজেলার মেয়াদোত্তীর্ণ হবে। সেক্ষেত্রে স্থানীয় সরকারের ভোটে কে এলো কে এলো না তা ইসির বিবেচ্য বিষয় নয়।

    জানা যায়, বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে ৪৮০টিতে এবার ভোট হবে। বিভিন্ন সমস্যার কারণে ১২টি উপজেলায় এ বছর ভোট হবে না। সর্বশেষ ২০১৪ সালের মার্চ-মে মাসে ছয় ধাপে এর অধিকাংশগুলোতে ভোট হয়েছিল। আইনে মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচন করতে হচ্ছে।

    ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে এক দিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে ছয় ধাপে ভোট করেছিল তৎকালীন ইসি।

  • বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ফরেন পলিসি জার্নাল’ প্রণীত বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের মধ্যে স্থান পেয়েছেন।

    গত ১০ বছরে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১০টি বিভাগে ১০ জন করে সেরা ব্যক্তিত্ব বেছে নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা।

    ‘ফরেন পলিসি’জার্নালের চলতি সংখ্যা ‘উইন্টার ২০১৯’ সংখ্যায় এর সপক্ষে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে বাংলাদেশের চরম নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত ৭ লাখের বেশি রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর দেশে বসবাস করার অনুমতি দিয়েছেন।

    অন্যদিকে, ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১০ জন চিন্তাবিদের মধ্যে স্থান পেয়েছন।

    এর সপক্ষে ‘ফরেন পলিসি’ জার্নালে বলা হয়েছে, বৈশ্বিক বিবেচনায় সতর্কতার সঙ্গে বিশ্বের শীর্ষ স্থানীয় চিন্তাবিদদের নির্বাচন করা হয়েছে।

    ‘স্ট্রংম্যান’ ক্যাটাগরিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের ব্যবসায়ী গ্রুপ আলীবাবার চেয়ারম্যান জ্যাক মা, বিশ্বব্যাপী সাড়া জাগানো #মি টু আন্দোলনের নারীরা, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনে লগার্দ, ইউরোপিয়ান কমিশনার ফর কম্পিটিশন মার্গারেটে ভেস্টারজার, পররাষ্ট্র নীতি বিশ্লেষক ও টিভি উপস্থাপক ফরিদ জাকারিয়া।

    ‘ফোরটি অ্যান্ড আন্ডার’ বিভাগের শীর্ষে আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরদার্ন। এ ছাড়া এই তালিকায় আরও আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকার।

    এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের করা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ছিলেন শেখ হাসিনা। ২০১৭ সালে নভেম্বরে করা ওই তালিকায় ৩০তম অবস্থানে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সূত্র : বাসস

  • মার্চে জাতীয় কাউন্সিল করতে পারে বিএনপি

    আগামী মার্চে দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজন করতে পারে বিএনপি। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

    বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আগামী মার্চেই বর্তমান জাতীয় নির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে। বৈঠকে নীতিনির্ধারক ফোরামের একজন সদস্য মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই কাউন্সিল আয়োজনের প্রস্তাব দেন।

    উল্লেখ্য, ২০১৬ সালের ১৯শে মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে সাজানো ফল প্রকাশের পর সবকিছু নতুন করে ভাবতে চাইছেন বিএনপির নীতিনির্ধারক ফোরাম। তারা পর্যালোচনা করছেন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনসহ নানা বিষয়ে। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতিতে নতুন করে ঘুরে দাঁড়াতে নীতিনির্ধারক ফোরামের সদস্যরা দলকে সাংগঠনিকভাবে পুনর্গঠনের ওপর মতামত দেন।

    সে অনুযায়ী বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এমনকি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের মতো ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রস্তাবও আসে।

    স্থায়ী কমিটি সূত্র জানায়, মঙ্গলবার রাতের বৈঠকে দলের বিষয়ভিত্তিক কমিটি নিয়ে আলোচনা হয়। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কিছু বিষয়ভিত্তিক কমিটির গঠনের প্রস্তাব অনুমোদিত ও গঠনতন্ত্রে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত সে কমিটিগুলো গঠন করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে খাতওয়াডর সরকারের অনিয়ম ও দুর্নীতিসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষু এবং করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট অভিমত প্রদানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে বিষয়ভিত্তিক কমিটি করার জন্য একজন সদস্য মতামত দেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। জাতীয় নির্বাচনের পরও এ ইস্যুতে কোনো কর্মসূচি না দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটা নিয়ে নেতারা কথা বলেন। আগামী ৮ই ফেব্রুয়ারি তার কারাবাসের এক বছর পূর্ণ হবে। ফলে এ দিনকে কেন্দ্র করে কী ধরনের কর্মসূচি দেয়া যায়, তা নিয়েও তারা আলোচনা করেন। তবে বৈঠকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি।

    বিএনপি স্থায়ী কমিটি সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে বৈঠকের আলোচনায়। বিএনপির নীতিনির্ধারক ফোরামের অন্তত দুজন সদস্য হতাশা প্রকাশ করে বলেন, সাত দফা দাবির ন্যূনতম পূরণ না হওয়ার পর নির্বাচনে যাওয়া ঠিক হয়নি। নানা যুক্তিতে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হলেও সেটা বাস্তবে রূপ দেয়া যায়নি।

    জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃত্বের কাছে বিএনপিসহ দেশবাসীর যে প্রত্যাশা ছিল তারা তা পূরণ করতে পারেননি। নির্বাচনের আগের রাত ও নির্বাচনের দিনে অনিয়মসহ নির্বাচনের প্রতিকূল পরিবেশের বিষয়গুলো ঐক্যফ্রন্টের নেতারা ভালোভাবে প্রকাশ করতে পারেননি।

    তার পরও জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে রাজনীতিতে যে ঐক্য গড়ে উঠেছে সেটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় না বিএনপি। তাই ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে বাস্তবতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঐক্যকে আরও জোরদার করার মাধ্যমে সামনের দিনে পথ চলতে চায় তারা। তবে দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আগামীতে উপজেলাসহ কোনো নির্বাচনেই অংশ নিতে চায় না বিএনপি।

    স্থায়ী কমিটির বৈঠকে দলটির নীতিনির্ধারক ফোরামের বেশির ভাগ সদস্যই এ ব্যাপারে একমত পোষণ করেছেন। তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী মনোনয়ন দেয়া হবে না। কেউ প্রার্থী হতে চাইলে তাকে দল থেকে পদত্যাগ করতে হবে।

    সূত্র: মানবজমিন

  • হজযাত্রীদের বিমান ভাড়া কমালো সরকার

    ২০১৯ সালে হজযাত্রীদের ১০ হাজার ১৯১ টাকা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতবছর বিমানের ভাড়া ছিলো এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা; এবার তা কমিয়ে এক লাখ ২৮ হাজার টাকা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা জানান।

    তিনি বলেন, এবছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রত্যেক হজযাত্রীকে ভাড়া দিতে হবে এক লাখ ২৮ হাজার টাকা। যা গতবছরের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কমেছে।

    ‘সবাই যাতে সুন্দরভাবে পবিত্র হজব্রত পালন করতে পারেন সেজন্য বিমানের যা যা করার এবং দায়িত্ব তা পালন করা হবে।’

    এ সময় হজ পালনে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাকে মুসল্লিদের পরিবহনে ভালোমানের প্লেন ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী৷

    এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে তিনি বলেন, সারাদেশের হজযাত্রীরা যাতে সুন্দরভাবে হজ পালন করতে পারেন সেই পদক্ষেপ নিতে হবে। আর এর মাধ্যমে শেখ হাসিনার সরকারের সম্মানকে ধরে রাখতে হবে।

    বিমানের টিকিটের দাম কমানোর প্রসঙ্গ তুলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমি জানি বিমান প্রতিমন্ত্রী অনেক বেশি দয়ালু এবং ভদ্র মানুষ। তিনি আমাদের দাবি রেখেছেন, এজন্য তাকে অনেক ধন্যবাদ।

    হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদ্দেশ্য করে শেখ মো. আব্দুল্লাহ বলেন, যারা হজব্রত পালনে যান, তারা আল্লাহর মেহমান। তাদের চোখে যেন পানি না ঝড়ে-সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ব্যতয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    ‘এক্ষেত্রে আশা করি হজ সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকেন। আমরা আল্লাহর মেহমানদের খেদমত করার সুযোগ নিতে চাই। এটা আমাদের দায়িত্ব,’ যোগ করেন ধর্ম প্রতিমন্ত্রী।